Time tribune
Time tribune
Update : Monday 16th June 2025, 04:15 pm
Online Edition
বলিউড সুপারস্টার সালমান খান।
‘একসময় মানুষ সম্পর্ক বাঁচানোর জন্য লড়ত, এখন ডিভোর্স হয়ে যাচ্ছে শুধু রাতের ঘুমের ব্যাঘাতেই। আর ডিভোর্স মানেই ছেলেদের অর্ধেক টাকা মেয়েদের হাতে চলে যাওয়া।’ সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর আসন্ন পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে এমন কথা বলেন সালমান। ২১ জুন প্রচারিত হবে এই পর্বটি। তবে তার আগেই ভাইরাল হয়ে গেছে সালমানের এই বক্তব্যের একটি ছোট্ট ক্লিপ। সেই ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, “আগে মানুষ ত্যাগ স্বীকার করতে জানত। মানিয়ে নেওয়ার চেষ্টা করত। এখন তো কেউ ঘুমাতে ঘুমাতে পা দিলে বা নাক ডাকলেও ডিভোর্স হয়ে যায়। ছোটখাটো বিষয়েই সম্পর্ক ভাঙছে। আর ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক সম্পত্তি মেয়েরা নিয়ে চলে যাচ্ছে।”
সালমানের এই মন্তব্যে অনুষ্ঠানের সহ-অতিথি অর্চনা পূরণ সিং, নভজ্যোৎ সিং সিধু ও কপিল শর্মাকে হেসে ওঠতে দেখা গেলেও, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া এসেছে ভিন্নরকম। কেউ কেউ তার বক্তব্যকে বাস্তবসম্মত বললেও, অনেকে বলছেন—এভাবে নারীদের দায়ী করাটা মোটেও ঠিক নয়।
এদিকে বড়পর্দায় সালমানের শেষ সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ১০০ কোটির ঘর ছুঁলেও তেমন দর্শকসাড়া মেলেনি। তবে শিগগিরই সালমান ফিরছেন নতুন এক যুদ্ধনাট্যে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ অবলম্বনে নির্মিত হতে যাওয়া ছবিতে তিনি অভিনয় করবেন শহিদ কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায়। ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি পরিচালনা করছেন অপূর্ব লঙ্কা।
সিনেমার বাইরেও ভাইজানের বলা এক-একটা কথা এখন যেন সিনেমার চেয়েও বেশি চর্চিত। এবার তা নতুন বিতর্কের জন্ম দিল—ডিভোর্স মানেই মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয়, এই সরলীকরণে।