Time tribune
Time tribune
Update : Tuesday 3rd June 2025, 03:45 pm
Online Edition
ছবি সংগৃহীত
কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে গেছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়েছে ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কমার পাশাপাশি নানা সুবিধা পাচ্ছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারও গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে (বগিতে) ৪০০টি গরু নিয়ে প্রথম ট্রেন ছেড়ে গেছে রাজধানী ঢাকার উদ্দেশে।
ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি কমেছে। এদিকে অবিক্রিত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া হচ্ছে ১৬টি গরু। সুবিধা বেশি পাওয়ায় ট্রেনে গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে বলেও জানান স্টেশন মাস্টার।
এবার জামালপুর জেলা থেকে ৩টি ট্রেনের ৭৫টি ওয়াগনে ১২০০ গরু নিয়ে ঢাকায় যাবে ক্যাটল স্পেশাল ট্রেন।