nobodesh desk
nobodesh desk
Update : Saturday 10th May 2025, 03:51 pm
Online Edition
ছবি সংগৃহীত
মে মাসে একের পর এক কে-ড্রামা মুক্তি পাচ্ছে। রোমান্স, অ্যাকশন থেকে ঐতিহাসিক পটভূমি—নানান স্বাদের পাঁচ কে-ড্রামা মুক্তি পাচ্ছে। কোরীয় সংবাদমাধ্যম ‘সুম্পি’ অবলম্বনে সিরিজগুলো নিয়ে জানা যাক।
‘স্প্রিং অব ইয়ুথ’
সিরিজের গল্পে দেখা যাবে, একটি জনপ্রিয় কে–পপ ব্যান্ড থেকে বাদ পড়েন তরুণ গায়ক সা গিয়ে। পরে কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালে কিম বম নামের এক তরুণীর সঙ্গে তাঁর প্রেম হয়। তাঁকে নিয়ে কলেজে আরেকটি ব্যান্ড গড়েন। জীবনকে নতুন করে খুঁজে পান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হা ইউ জুন, পার্ক জি হু। সিরিজটি ৬ মে থেকে এসবিএসে প্রচারিত হচ্ছে। সিরিজটি ভিকিতেও পাওয়া যাচ্ছে।
‘টেস্টফুলি ইয়োরস’
গল্পে দেখা যাবে, একটি রেস্তোরাঁ পরিচালনা করতে গিয়ে প্রেমে পড়েন ধনকুবের হান বিয়ম উ ও রাঁধুনি মো ইয়ন জু। এতে অভিনয় করেছেন কাং হা নিউল, গো মিন সি, কিম শিন রক। সিরিজটি ১২ মে থেকে ইএনএতে প্রচারিত হবে।
‘সেকেন্ড শট অ্যাট লাভ’
রোমান্টিক কমেডি ঘরানার সিরিজটি ১২ মে থেকে টিভিএনে প্রচারে আসবে। এতে হান গিউম জু নামের এক মদ্যপ তরুণের গল্প তুলে ধরা হয়েছে। ঘটনাক্রমে তাঁর সঙ্গে প্রথম প্রেমিকার সাক্ষাৎ ঘটে। এতে জুটি বেঁধেছেন সু ইয়ং ও গং মিয়ং।
‘শার্ক: দ্য স্ট্রম’
‘শার্ক: দ্য বিগিনিং’-এর সিকুয়েল এটি। অ্যাকশনে ভরপুর সিরিজটি টিভিংয়ে প্রচারিত হবে ১৫ মে। এতে কারাগার থেকে মুক্তির পর চা উ সলের জীবনের গল্প দেখা যাবে। এতে কিম মিন সকম লি হিয়োন উকসহ আরও অনেকে অভিনয় করবেন।
‘ডিয়ার হংরাং’
ইতিহাসনির্ভর রোমান্স সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৬ মে। প্রায় এক যুগ পর জোসেন পরিবারের হারিয়ে যাওয়া এক সন্তানকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত হয়েছে। তবে সন্তানটি স্মৃতি হারিয়ে ফেলে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লি জে উক, জো বো আহ।